Sunday, May 24, 2026

ইচ্ছেপাখি -- হৃদয় রাজ বাড়ৈ

ইচ্ছেপাখি
হৃদয় রাজ বাড়ৈ 
২৪/০৫/২০২৬
মন ছুতে চায় দূর সীমানার নীল পাখিরা,
মন ডুবে যায় অস্ত রবির পাহাড়দ্বীপের মস্ত চূড়ায়।

মন মানে না মর্তলোকের মান রাগিণী
মন শোনে না সুপ্ত সুখের নীদ কাহিনি। 

মন আলাপন মধুর মিলন মত মিতালি,
মন কালাচাঁন কন্ঠ কূজন কলকাকলি। 

মন কোহিনূর কনকচাঁপার কন্ঠকলি,
মন সোহিনীর খোলা খোঁপার জুঁই চামেলি। 

মন বাগিচার বাগচি ডালার পুষ্পবেলি,
মন দোপাটি দোয়েল শ্যামা লাজুক লিলি।

মন কুহেলী কাঁকন নোলক কলসি হাঁড়ি, 
মন পহেলি আকন অলক আলসে ঘুড়ি।

মন পলাতক পলাশ ডাঙার গায়ের পথে, 
মন চড়েছে রাঙা ঘোড়ার পুষ্প রথে।

মন যে কোথায় ঘুরে বেড়ায়  ঘর ছেড়ে ঐ,
মনকে ছেড়ে বন্দী নীড়ে কেমনে যে রই।

মন আসে না আগের মতো কাছেতে আর,
মনের মানুষ মন সঁপে না, মন পাওয়া ভার।

মন বিলাসী মনের ভ্রোম আজ সব করে ক্ষয়,
মন হয়েছে ইচ্ছে পাখি আঁখির আকাশ করেছে জয়।

মন উড়েছে মোহ মায়ার মেদিনী ছেড়ে, 
মন পাখি আর ফেরেনি তার সাধের নীড়ে। 

মন গিয়েছে সঙ্গে তাহার সঙ্গী হয়ে, 
ইচ্ছে পাখি মিলছে ডানা মনটা লয়ে।

মন ভুলেছে মনের সকল পিছুটান আজ,
মন গগনে অস্ত রবি ঘনালো সাঁঝ।

মনের প্রতি তাই কোনো আর নেই অভিমান, 
ইচ্ছে পাখি মন খুলে গাঁক জীবনের গান।

No comments: