Monday, March 2, 2026

চেয়ে নেবো মুক্তি পৃথিবীর কাছে -- অরুণ কুমার মহাপাত্র

চেয়ে নেবো মুক্তি পৃথিবীর কাছে
অরুণ কুমার মহাপাত্র
০১/০৩/২০২৬
জীবনের খেলাঘরে কেটে গেছে সময়...
দেখেছি শৈশব , দেখেছি কৈশোর
এখন দেখছি নুয়ে পড়া বার্ধক্য ।
সবার ভালোর জন্য কেটেছে সময়...
আজ হিসেব কষে সে সব লাভ কি বলো ?
সবাই আত্ম চৈতন্যে বিভোর ... ।
জীবনের সব হিসেবই তো আজ গরমিল ।
আমার 'আমি' বলতে নেই কিছু আর ।
তবুও দিনের শেষে এখনো বন্দী আমি
ভালোবাসার কাছে ।
কখনো সখনো কপর্দকশূন্য ভালোবাসার
দড়ি টানাটানিতে ভালোবাসা মুখ 
থুবড়ে পড়ে  ...
কেউ মনে রাখে না কাউকে  ।
কে কাকে মনে রেখেছে বলো  ?
যে ভালোবাসার জন্যে হৃদয়ে তুফান ওঠে
সেই ভালোবাসা শিথিল হলে 
বাঁধন ছেঁড়ে  ।

ভালোবাসার গল্পগুলো খুঁজতে গিয়ে
দেখি...
আমার ভালোবাসার পৃথিবীটা আজ
বেরসিক অন্ধকারে নিখোঁজ  ।
পৃথিবীর কাছে হাত পেতে নিয়েছি
কত কিছু ।
দিতে পেরেছি তার কতটুকু  ?
পৃথিবীর কাছে ঋণী হয়ে আছি আমি...
এখনো যতটুকু ভালোবাসা দেবার
মত আছে
সবটুকু দিয়ে নিঃশেষ হয়ে চেয়ে নেবো
মুক্তি পৃথিবীর কাছে  ।

No comments: