বিজনে
শিপ্রা বসাক
২৫/০২/২০২৬
এভাবেই মরে যেতে চাই একটু একটু করে ---প্রতি দিন, প্রতি ক্ষণে,
এভাবেই দুহাতে তুলে নিতে চাই শিউলি-ফোঁটা ভোর
এভাবেই দুচোখে এঁকে নিতে চাই স্বপ্ন মাখা রোদ ,
এভাবেই পার হয়ে যাবো যুগের পরে যুগ , অবিচল ,
জন্ম থেকে জন্মে ।
* * * * * *
সদ্য কুসুম-ফোঁটা কিশোরীবেলায় আগুনরাঙা মেঘ
শুনিয়েছিল বিরহী যক্ষের কথা
তারপর কত মেঘ পার হয়ে , ঘুম ঘোরে , স্বপ্নরাজ্যে
ছন্দে ছন্দে পেয়েছিলাম আগমন বার্তা ।
অচেতন তনুমন জানালো প্রবেশ তার
রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায়
আনত চোখ তুলে তাকিয়ে থাকি শুধু
প্রেম তার , সবটুকু , চিনে নিতে চায়।
একবার পাই, আবার হারাই , জীবন জুড়ে শুধু
আলো আর ছায়ার খেলা ,
দিনরাত কত পথ , কখনো বন্ধুর , কখনো সমতল
এভাবেই কেটে যায় বেলা ।
* * * * * *
এভাবেই কেটে যাক , বয়ে যাক , তাপসী সময়টুকু
চিনে নিক আপনার জন ,
এভাবেই কালের খাতায় রঙীন কলম থেকে ঝরে পড়ুক প্রেম ,
এভাবেই উত্তরণের পথে বেঁচে থাক নম্রচোখে না পাওয়া অভিলাষ ,
এভাবেই শূন্য থেকে ক্রমাগত এগিয়ে চলি পূর্ণতার পথে
যত্নে আগলে রেখো সারাটা জীবন।
No comments:
Post a Comment