Monday, February 9, 2026

রাত্রি যত গভীর হয় -- শ্রীরবীন্দ্র নাথ মন্ডল

রাত্রি যত গভীর হয় 
শ্রীরবীন্দ্র নাথ মন্ডল
৯/২/২৬
রাত্রি যত গভীর হয়---কাল পেঁচাদের ততই বাড়ে বেয়াদপ পরিক্রমা।নিস্তব্দতা হয় থমথমে,কোমাচ্ছন্ন।রাত্রির শরীর হয় আরো কালো।             

রাত্রি যত গভীর হয়------বারগুলো অমৃতে চুমুক দিয়ে ষোড়শীর পেলব ঠোঁটে ভাসতে থাকে চুমের বন্যায়।সঙ্গে থাকে লজ্জাহীন উলঙ্গময় বেল্লিক নৃত্য আর বিদেশী বাদ্য যন্ত্র।বিকৃত রুচির ছন্দহীন তালে তালে ঢুল ঢুল করে হয় দুয়ারী।ব্যাভিচারী উন্মাদ যৌবন তখন  উদ্গ্র তৃষ্ণার সমুদ্রে কাটতে থাকে সাঁতার।      

রাত্রি যত গভীর হয়---- চরতে বেড়ায় যত অনাচার,কদর্য-কীট।হায়নারা শিকারের আশায় মেলে রাখে তাদের ইতর জাল।রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঘৃণ্য পশুত্ব।এবং তখন নীতিহীন নির্মমতার পিঠে চরে পরিভ্রমণে শরীরচর্চায় থাকে ব্যস্ত।                         

রাত্রি যত গভীর হয়----বেসুর জামা পোষাক খুলে অন্যায্যতার পাশবিক দানবীয়তাকে আমন্ত্রণ করে ডেকে আনে।তখন বিকৃত হিংস্রতার বিষাক্ত কেউটে বিষ ঢেলে চলে ক্রমাগত।রাত্রিও  তখন দখল হয়ে যায় পিশাচের ভয়ঙ্কর অন্ধকার হারেমে।শুধু শুদ্ধ মনুষত্ব বিরামহীন কাঁদতে থাকে একান্ত শ্মশানে নিভৃত কুঁড়েঘরে।যেখানে সর্বদাই শোকের আকাশ থেকে বৃষ্টি ঝরে প্লাবিত হয় মর্মান্তিকতার দুঃসহ নগরী।।

No comments: