বাংলা ভাষার টানে
সমরেন্দ্রনাথ ঘোষ
২১ শে ফেব্রুয়ারী,২০১৬
মাগো তোমার পায়ের পাশে রক্তপলাশ সারি
রক্তঝরা দিনের কথা আমরা ভুলতে পারি?
আকাশ ছিল ফাগুন দিনের খরতাপে ঘেরা
দেশবাসীর আওয়াজ ছিল মায়ের তরে সেরা,
ছিলনা ভয়,ছিল নাকো তাদের পিছুটান
বুকের মাঝে বেজেছিল শাশ্বত এক গান।
মায়ের ভাষা চেয়েছিল যারা কেড়ে নিতে
আত্মত্যাগের লড়াই ছিল মাথা পেতে দিতে।
সালামের সেই রক্তমাখা জামার লাল রঙে
বরকতের শেষ চাহনীর বিদীর্ণ সেই ঢঙে,
ভেঙেছিল সব শৃংখল,সব অন্যায়ের বাঁধ
উঠেছিল নতুন রবি,নতুন আশার চাঁদ।
'মা' বলতে আজও কলজেটা যায় কেঁপে
মমতাময়ীর পরশ পাই মায়ের শব্দ মেপে,
'অ' আমাদের প্রাণের আরাম,'আ' অহংকার
সেরার সেরা আমার ভাষা,আমার প্রাণেস্বর।
বাংলা ভাষা ঠুনকো নয়,প্রাণের কথামালা
বাংলা ভাষা আমার মায়ের নয়নজলের জ্বালা,
বাংলা ভাষা কিষাণ-মাঝির ঘামঝরানো সুর
বাংলা ভাষা বনস্পতি আরাম মেঘ মেদুর।
তাইতো একুশ অমর একুশ বুকের মাঝখানে
তাইতো একুশ আগুন ঝরায় বাংলাভাষীর মনে,
তাইতো একুশ অমর একুশ মায়ের ভালোবাসা
তাইতো একুশ সবার মনে চিরন্তনী আশা।
No comments:
Post a Comment