Sunday, September 7, 2025

চোখ দিয়ে চেনা -- দিলীপ ঘোষ

চোখ দিয়ে চেনা
দিলীপ ঘোষ
০৬/০৯/২৫
লোকটার সঙ্গে দেখা রাস্তায়
জাত চেনালো চোখের লাল ভাষা
কান দুটো তার প্রথম থেকে বন্ধ
কাটা ঠোঁটের স্বরলিপিতে নেই কোন ছন্দ। 

কন্ঠস্বরের হড়কা বানে বাঁধ ভাঙে
নষ্ট হয় ফসল, নষ্ট হয় বীজতলা
কচুরি পানাগুলো ভেসে যায় ঢেউ-এ
জনবসতিহীন হয়ে যায় মনের পাড়া। 

হাঁটার সময় কাচা দিয়ে কাপড় পরে
বাতাস ঘুসি পাকায় প্রতিরোধে
চুলগুলো খাড়া হয়ে দাঁড়ায় মাথায়
কপালে শিরা ফোলে ক্ষোভে। 

চোখ দিয়ে চেনা, অনেকটাই অচেনা
আচরণে চেনা, প্রকৃত চেনা।

No comments: