Sunday, September 7, 2025

আমি পরাজিত প্রহরী -- ড. বিষ্ণু প্রসাদ সিংহ

 আমি পরাজিত প্রহরী
 ড. বিষ্ণু প্রসাদ সিংহ 
 ০৭/০৯/২০২৫
ভগ্ন দণ্ডে প্রহরারত, আমি স্থির বিনয়াবনত,
রক্ষিব মোর সাম্রাজ্য, করি যে প্রয়াস কত?
আমি জয় নাহি চাহি, পরাজয়ে ভয় করি,
তাইতো বক্ষে অসীম সাহস অনায়াসে ধরি।

নাহি রাখি ক্ষুদ্র লিপ্সা, পাই কাহারে তুষিয়া,
সন্তর্পনে চলিতে চাহি আহমিকারে নাশিয়া।
শোষিব যে ছল চাতুরীতে, কভু নাহি ভাবি,
কোন গুণে লোকে মোর আঁকিবে যে ছবি?

ভোর হতে নিশা রাত্রি দোয়ারে দাঁড়িয়ে থাকি,
শৈত্যে কম্পে কায়া, উষ্ণে তনু গর্মেতে মাখি।
ক্লান্তি কি? নই জ্ঞাত! সুখে দুঃখে সদা স্নাত,
কর্তব্য সাধনে চলেছি, নত মস্তকে অবিরত!

ঝটিকা ঝঞ্জায় শুধু ম্লান মুখে চেয়ে রহি,
শতেক আপদা তবু নিঃশব্দে সহসা সহি।
রৌদ্র-বৃষ্টি সম মোর তরে, এই সৃষ্টি পরে,
তবে কভু নাহি কাঁপে মোর দেহ থরথরে!

পালিব মোর লোকধর্ম, নাহি জানি তার মর্ম,
রহিব দাঁড়িয়ে দ্বারে অহর্নিশ তাহা মোর কর্ম।
প্রহরীর কাজ যাহা, প্রাণপণে গোপনে আচরি,
জানি শত প্রয়াসেও হব আমি পরাজিত প্রহরী!

No comments: