পার্বনী
শিপ্রা বসাক
০৬/০৯/২০২৫
আকাশ এমন মেঘলা থাকুক বৃষ্টি ঝরে পড়ুক কালের নিয়মে অকালবোধন যেমন চলে চলুক ।
বৃষ্টি -- সে তো হৃদয় নিংড়ানো মেঘের দীর্ঘশ্বাস
গুমোট গরমে তাপপ্রবাহে ধরনীর আশ্বাস
বৃষ্টি কখনো মেঘ বালিকার উচ্ছল যৌবন
কানায় কানায় পূর্ণ হয়ে আত্মসমর্পণ ।
বৃষ্টি নামে চোখের কোনে দুঃখ নদীহারা
কেমন করে ফেরাই তাদের ফেরে না আর যারা।
নীল আকাশে ভেসে তারা কোন দেশে দেয় পাড়ি
কোথায় তাদের চলার উঠোন , কোথায় তাদের বাড়ি ।
কোন বেতারে শব্দ তোলে সুরেলা সেই গান
একের পরে দুই আসে আর মনখানা খান খান।
দুই অসমান মনের দ্বন্দ্ব দুই দিকে তার কালো
দুদিক তবু মুক্ত জেনো , দুদিক ঘিরে আলো ।
মধ্যিখানে কার দুটি চোখ উদাস ছলছল
চিকচিকচিক বালুকাবেলা , করুণ , টলমল।
সব দ্বন্দ্ব সব শক্তি একদিনে অবসান
মুষলধারে বৃষ্টি নামে জীবনের জয়গান।
No comments:
Post a Comment