Tuesday, September 16, 2025

সম্বল, স্মৃতির খাতা -- মোঃ সেলিম হোসেন

সম্বল, স্মৃতির খাতা
মোঃ সেলিম হোসেন 
১৬/৯/২০২৫ 
স্মৃতির খাতা হচ্ছে ভারি যাচ্ছে যতই দিন,
অবসরের সুযোগ পেলেই বাজায় স্মৃতি বীণ।
আজকে এখন বসে আছি কলম ধরা হাত,
একটু পরেই স্মৃতি হবে আসবে যখন রাত।

একটি করে মুহূর্ত যায় বাড়ে স্মৃতির ভিড়,
মনে জাগে সেই সকালের মায়ের সুখের নীড়।
যত্ন করে খাইয়ে দেওয়া কলা মাখা দুধ,
আধূল গায়ে পুতুল খেলার কেমন ছিলো বোধ। 

হাঁটতে গেলেই কাকা জেঠা বগল ধরে মোর,
কাঁধের উপর তুলে নিতো গেয়ে আপন সুর।
বড়বোন আর খালা ফুফুর স্নেহের সীমা নাই,
আলতু ছুঁয়ে হাসতো ওরা সেদিন কী আর পাই?

পাঠশালা আর খেলার মাঠে কেবল ছিলো সুখ,
চারিদিকে করতো খেলা কচি কোমল মুখ।
মিনিট ঘণ্টা সপ্তাহ মাস বছর চলে হায়, 
দিনেদিনে প্রতিক্ষণে জীবন বদলে যায়।

আদর সোহাগ দূরে গেলো এলো নিজের দায়,
আরও বেশি সোহাগ নিয়ে ভাসলাম আপন নায়।
হাজার রকম ব্যস্ততা তে সময় হলো পার,
স্থবিরতা আঁকড়ে ধরছে জীবন নায়ের দাড়।

No comments: