Tuesday, September 9, 2025

আমি নামব স্যার! -- ধ্রুবজ্যোতি ঘোষ

আমি নামব,স্যার!
ধ্রুবজ্যোতি ঘোষ 
০৯.৯.২০২৫
অ্যাই,বোকা মেয়ে
তুই কাঁদছিস কেন? 

আমি নামব,স্যার! 

আজই তো স*র*কারি নিয়মে
ফেল্ গঙ্গায় ফেলে 
সবাই পাশ করে 
সটান উঠে গেলি 
উঁচু ক্লাস নাইনে! 

আমি নামব,স্যার!

ও,তোর বুঝি পায়ে ব্যথা? 
চিন্তা নেই, 
আমি তোকে সাবধানে
নিয়ে যাব ওপরতলায় 

আমি নামব,স্যার!

তুই তো দেখছি সত্যিই গবেট ! 
দেখছিস না এখন গটগট করে 
সিঁড়ির পর সিঁড়ি ডিঙিয়ে 
একে মাড়িয়ে ওকে ফেলে দিয়ে 
কেমন পটাপট উঠছে সবাই ওপরতলায়!

পাতি একতলা উঠছে দুদ্দাড় 
রাতারাতি দোতলায়; 
খেলার ঘরের মতো খোলার ঘর
জাদুমন্তরে
এক লাফে উঠে যায় চোদ্দতলায়!
আদার ব্যাপারিও উঠে যায় 
নিজের বান্ধবীর জাহাজে জমা করা 
টাকার পাহাড়ের চূড়ায়!

আমি নামব,স্যার!

কোথায়? 

এইট,সেভেন,সিক্স কিংবা ওয়ানে, 
আপনার যেখানে মন চায়!

কেন? 

স্যার!
নাইনে উঠলে
মিড ডে মীল যে বন্ধ হয়ে যায় 

একটি অসহায় ফোঁপানি
নিমেষে পৌঁছে যায়
হাস্যমুখর পাহাড় থেকে 
লাস্যমধুর
সাগরের দিশায়...

আকাশে বাতাসে 
উন্মত্তের মতো প্রতিধ্বনি ফেরে,
আমি নামব, নামব,নামব,নামব স্যার!

ওঠানোর নামে মানুষকে 
কত আর টেনেহিঁচড়ে 
নীচে,আরো নীচে নামানো যায়?

No comments: