Tuesday, September 9, 2025

মায়া-- শিপ্রা বসাক

মায়া
শিপ্রা বসাক 
০৮/০৯/২০২৫
দাঁড়ভাঙা নৌকো আর বিষন্ন বিকেল --
তটে বাঁধা পড়ে আছে একা ---
আর হবেনা খেলা জোয়ার ভাটায় 
মায়াতরী ছুঁয়ে গেছে সম্পর্কের ক্ষীণরেখা ।

ছুঁয়ে যায় , সরে যায় , উদভ্রান্ত চেতনা 
শুধুই অপেক্ষা যেন পাহাড় সমান --
অবাধ অশ্রুজল ঝাপটা মারে 
ছুঁতে চায় বুঝি তার হারানো জীবন ।

না বলা কথা কত , না বলা কাজ 
গুরুভার বয়ে চলা উদ্ভ্রান্ত সময় 
কার ওপর ভরসা করি , কাকে বলি সব 
অন্ধকার কালো রাত , কত তারাময় 

কোন তারায় তোমায় পাবো , কোন তারায় আলো 
কোন তারা সত্ত্বা জুড়ে মায়া ছড়ালো 
তারা তো চেনাওনি তবু তারাদের দেশে 
এখনো কি তারা হয়ে আছো ভালোবেসে ? 

আবার ফিরবে তুমি পুনর্জন্ম নিয়ে 
আবার ছোট্ট খোকা আঙিনা জুড়ে 
কষ্টিপাথরে গড়া অবয়ব খানি 
চোখে ভাসে , মনে আসে , শুধু ঘুরে ফিরে ।

No comments: