Monday, September 15, 2025

সেদিন দুজনে...সমরেন্দ্রনাথ ঘোষ

সেদিন দুজনে...
সমরেন্দ্রনাথ ঘোষ
14/09/25
সেদিন আকাশে মেঘ ছিল না
পলাশের ডালে ছিল রক্তরাঙা ফুল
সেদিন গোধূলিবেলা ছিল নির্জন
আকাশ দেখতে সেদিন করিনি ভুল।

সেদিন অশোকের গাছে ফুল ছিল
বসন্ত বাতাসে ছিল নতুন ঘ্রাণ
সেদিন মন ছিল বাউলের মতো
হৃদয় বীণায় ছিল গুনগুন গান।

সেদিন কৃষ্ণচূড়া মেলেছিল ডানা
হাতছানি দিয়ে ডেকেছিল -আয় আয়
সেদিন উড়ে গিয়েছিল মন অজানা পথে
আজ দিনশেষে স্মৃতিগন্ধ ভেসে যায়।

সেদিন কৃষ্ণচূড়ার নীচে তুমি ছিলে একা
তোমার এলোচুলে খেলে গিয়েছিল ঢেউ
সেদিন আমার নয়নে এঁকেছিলাম ছবি
তুমি আর আমি ছাড়া দ্যাখেনি কেউ।

সেদিন প্রথম নিজেকে হারালাম আনমনে
মনের আকাশে উঠেছিল একফালি চাঁদ
সেদিন জোছনা মেখে নতুন পৃথিবী
কল্পনার ডানা মেলে উড়েছিল অবাধ।

সেদিন নিজেকে হারিয়ে ভেবেছি মনে মনে
এ প্রহর থাক না চিরকাল চির অমরত্ব নিয়ে
যত ভাবি আজ আমি হারাই নিজে মনে মনে
শুধু বেঁচে থাকি সুধাময় স্মৃতি বেয়ে বেয়ে।

No comments: