কেউ_চিনতে_পারলো_না
পরেশ_চন্দ্র_সরকার
১৪_০৯_২০২৫
দু'চোখ স্থির লক্ষ্যে হা ক'রে তাকিয়ে থেকেও
গহিন ভাবনাতে অনেককিছুই খেলানো যায়,
মনন কোণে পাশাপাশি উপর-নিচ এঁকে এঁকে
সমাধান সূত্র ধ'রে আবিষ্কার, যায় না বৃথায়।
তোমায় দিনরাত চব্বিশঘন্টা পর্যবেক্ষণ ক'রি
মর্মে মর্মে গহিনেও ম'রি তবু বুঝতে না পারি,
অনেক চেষ্টা ক'রেও যে, কোনো সমাধান সূত্র
আবিষ্কার ক'রতে না পেরে টেনে দিই দাঁড়ি।
ক্লান্ত হ'ই না আমি, চূড়ান্তে অভ্যস্ত হ'য়ে গেছি
তোমার আনাচকানাচ যে, তন্নতন্ন নখদর্পণে,
তারপরেও সমাধান আঁকতে আমি পুরো ব্যর্থ
নিজেকে প্রশ্ন ক'রি কি মোর সে দিব্যদর্শনে?
আমি ভুলে যাই মাঝে, ভুলে যাই, 'প্রবাদবাক্য'
স্বয়ং নারায়ণ-ও নাকি, চিনতে পারেনি নারী!
তবে, আমি কোন্ হরিদাস, চিনবো পুরোপুরি?
নারী চিনে যাওয়া ব'লাটাই একটু বাড়াবাড়ি।
No comments:
Post a Comment