শিপ্রা বসাক
১৩/০৯/২০২৫
আকাশ যদি স্তব্ধ থাকে , নদীর তাতে কি ?
নদী চলে কলকলিয়ে , আকাশ স্থিতধী ।
আকাশ কেমন মৌন মুখে , মেঘের পরে মেঘ
নদীর গতি ছলাৎ ছলাৎ , দুরন্ত আবেগ ।
মেঘ চলে যায় উড়ে উড়ে আকাশের বুক খালি
নদীর ঢেউ ভাঙ্গন ধরা তটিনী রুদালী ।
আকাশ সে তো অনেক উঁচু , কেমন করে ছুই
নদী চায় তোর বন্ধু হতে , বন্ধু হবি তুই ?
কেমন করে বন্ধু হব , আমার যে ঘর নেই
মেঘের রঙে রাঙিয়ে উঠি হারায় মেঘেতেই ।
তবুও যখন ঝড় উঠলো আকাশের মন ভার
অন্তিম ক্ষণ আসলো বুঝি , মেঘ হলো দুর্বার ।
আকাশ ভেঙে মেঘের কনা নদীর বুকে পড়ে ,
নদীর হৃদয় উথাল পাথাল , অঙ্গে খুশি ঝরে ।
এমন করে দুজনে মেলে -- নদী এবং মেঘ
আকাশ থাকে নীরবে চেয়ে , নেই কোন আবেগ ।
আপন বেগে এগিয়ে চলে নদী যে উচ্ছ্বল
হঠাৎ পাড়ে ডাকলো তারে আকাশ বিহ্বল ।
ওই তো দূরে আকাশ এখন নদীর বুকে সাজে
কি অপরূপ নববধুঁ নদী , আনত রাঙা লাজে ।
এই প্রেম তার চির দুর্বার জন্ম জন্ম ধরে
আকাশ নদী এক হলো শেষে মেঘের পানসি চড়ে ।
No comments:
Post a Comment