ভ্রান্তি নয়
নিবারণ চন্দ্র দাস
১২/১২/২০২৪
একটু যখন সন্ধ্যা নামছে ধীরে,
পশু পাখিরা ফিরছে আপন নীড়ে।
মানুষ যখন অমানুষে পরিণত,
হাহাকার আর বেদনার স্থায়ী ক্ষত।।
তখন তুমিও নষ্ট হয়োনা যেন,
আচরণ নয় পাশবিক যেন তেন।
একটু সবুরে আসবে সুদিন ফের,
কেটে যাবে ঠিক অস্থিরতার জের।।
শিক্ষা স্বাস্থ্য কোমায় যাচ্ছে চলে,
নীরবে যাচ্ছে অনেক কথাই বলে।
লোভ লালসায় জেরবার চারিদিক,
ভাবছো আঁধার চিরস্থায়ী অনিমিখ।।
লড়াই তখন কঠিন কঠোর জানি,
জয় আসবেই সেই কথা মনে মানি।
অস্থির আর চঞ্চল হয়ো না কো,
বুদ্ধি চাদরে মস্তিষ্কেরে ঢাকো।।
আসছে আবার দিন বদলের দিন,
জীবন আবার সুস্থ স্বচ্ছ রঙিন।
শুধু জারি রেখো লড়াই অবিশ্রান্ত,
ধরো না কো পথ কক্ষণো তুমি ভ্রান্ত।।
No comments:
Post a Comment