Thursday, December 12, 2024

শীতের রাতে -- দিলীপ ঘোষ

শীতের রাতে
দিলীপ ঘোষ
১০/১২/২৪
রাত ন'টায় দরজা বন্ধ করে দিই আজকাল
উত্তরের হাওয়া যদি কামড়ায়, এই ভয়ে
ঘরের মধ্যে বাস করি চাদরের ঘরে
পাড়ায় নীরবতা পালন চলছে 
শীতের কাছে পরাজয়ের ফলে।

শীত-ঘড়ির কাটায় এখন গ্রীষ্মের রাত বারোটা
একাকীত্বের বয়স বাড়ে অসময়ে
মগজের ঢাল বেয়ে নামে প্রেমিকা
কবিতাকে চুম্বন করে কলম, ডাইয়রীতে।

চা কফির সাথে চলে রেয়াজি আড্ডা
সময়ের বয়স বাড়ে, বাড়ে রাতের অভিমান
মাঝে মাঝে কানে আসে শেয়ালের ডাক
ঘুমের নববধূ কম্বলের দাম্পত্যে ফিরে পায় প্রাণ।

No comments: