বিউগল
জর্জ মুখার্জী
১৫ / ১২ / ২০২৪
রাজত্ব আর দ্বীপান্তর সাজা
ওরে তোরা শঙ্খ বাজা
আদুল খাঁজ চকচকে মাজা
দিগ্বিজয়ের নিশানে দেখি ঝলকানি
নীলনদে ইজারা.... বৈধ আজ রাহাজানি।
হিমেল বরফ গুঁড়ো.... বাতাসে ছড়িয়ে দূষণ
কাজ ফুরিয়ে গেছে..... সর্বহারা মনন
খাওয়া, ঘুমানো আর রমণ
অভিযোগ আর আস্ফালন
অযৌক্তিক জনন।
নীপার পেরিয়ে আসছে..... ভলগা পার হোলো সবে
সবার মুখে অন্ন..... যোগান হবে কবে!
পাঠশালার পুঁথি হাতে
কাটবে না নির্ঘুম রাতে
শ্রমের হাতিয়ার
বহু যুগ পার।
পার ক্যাপিটা ইনকাম
মাটিতে পড়ে ঘাম
পুঁজির একচেটিয়া আস্ফালন
শরীরে অহোরাত্র খনন।
কার্বন ফুসফুসে
জ্বর আসে ঘুসঘুসে
রক্ত নেয় চুষে।
তেভাগার মা কাঁদে, কঠিন চোয়ালে পাভেল
কিউবা করে প্রতিরোধ, বামদিক উদ্বেল।
উচ্ছেদ আর শোষণ.... দ্বন্দ্ব বস্তুবাদে
অনিকেত গ্রাস করে.... থাকে ওরা পাকা ছাদে
দুনিয়া কাঁপানো দশদিন গুমরে গুমরে কাঁদে.... লেনিনগ্রাদে।
করে ওরা লুঠ..... লুন্ঠনের উল্লাস ঘিরে চারিপাশে
ঘুম থেকে তুমি জাগো ---- ক্রোধ করো জমা...... নয়তো
দেখবে আপামর ---- আগামী কয়েক প্রজন্ম .....জীবন আর জীবিকার সর্বনাশে।।
No comments:
Post a Comment