চুপকথার আবেদন
এখন শুধুই চুপকথারা আছে মনে ,
সন্ধ্যার গোধূলি বা ভোরের রক্তিম
চুপকথার অভিসার চলে গোপনে গোপনে ।
চুপকথারাও গল্প সাজায় মনে
অনেক দিনের না বলা কথার বুনন ,
চুপকথারাও কান পেতে কিছু শোনে
চুপ কথারও আছে সবুজ মন ।
চুপকথারাও ভাবতে ভালোবাসে
চুপকথারাও স্বপ্ন দেখে জেগে ,
চুপকথারও দুচোখ ভিজে ওঠে
তোমার দারুন কঠিন কথার বেগে।
যতই তুমি বাঁধো কঠিন কথায়
চুপকথাদের মুখটি চেপে ধরো ,
ততই জেনো বাষ্প ওঠে জমে
চুপকথারা কাঁপে থরোথরো।
চুপকথা কি তোমার আমার মনে
আনে না কোনো নতুন প্রাণের ঢেউ ,
আমার মনে আছে যে চুপকথা
আমিই জানি, জানে না আর কেউ।
চুপকথারা সঙ্গী খোঁজে খুব
মনের মতো সঙ্গী যদি পায় ,
চুপকথারা এক নদী জল হয়ে
তাদের সাথে নিমেষে হারিয়ে যায় ।
তোমার মনে ডুব দিয়েছো কখনো
খোঁজ নিয়েছো নতুন চুপকথার ,
না বলা কথাটা বলেই ফেলো তবে
দেখবে নতুন জন্ম হবে রূপকথার ।

No comments:
Post a Comment