Tuesday, September 8, 2026

রোবোটিক জীবন -- শিপ্রা বসাক

রোবোটিক জীবন 
শিপ্রা বসাক 

" রোবোটিক জীবন ? তার মানে কি ? "

"সত্য নয় সে , শুধুই মেকি । "

" বেশ তো , তবে বুঝিয়ে বলো -- "

" জীবন যখন যন্ত্র হলো  ,
অনুভূতিরা হারিয়ে গেল  ,
ছন্দ কেমন তাল হারালো ,
রঙিন মনটা রঙ হারালো ,
যেদিকে চাই শুধুই ফাঁকা --
চোখের সামনে পর্দা ঢাকা ,
দোয়েল পাখি শিষ ভুললো ,
ময়ূর নাচের ছন্দ ভুললো ,
আকাশ নদী কথা হারালো --
বাতাস আপন পথ হারালো ,
কবির খাতা বন্ধ হলো ,
শিল্পীরা তার সুর খোয়ালো ,
এক্কাদোক্কা খেলার সাথী --
প্রতিযোগিতায় কাটালো রাতি ,
মা-বাবা আর ভাই-বোনেরা --
প্রশ্নচিহ্নে দিচ্ছে সারা --
সৃষ্টি নয় আর বাঁধনহারা ,
সৃষ্টি নয় আর পাগলপারা ,
জীবন নদী শুকিয়ে গেল  -- 
যন্ত্র মানব সৃষ্টি হলো  , "

" একেই বুঝি রোবট বলে ? "

" জীবন রিক্ত শূন্য হলে , 
চোখের ভাষা চোখেই হারায় ,
কন্ঠখানি নীরব হয়ে যায় ,
আপন আপন ভাবটা তখন 
হাল ছাড়া এক নৌকা শুধু 
শূন্য গর্ভে বিলীন হতে 
কয়েক জন্ম পার হয়ে যায় । "


No comments: