Thursday, September 18, 2025

প্রতিশ্রুত -- রবীন্দ্র নাথ মন্ডল

প্রতিশ্রুত 
শ্রীরবীন্দ্র নাথ মন্ডল
১৮/৯/২৫

দিন হাঁটে কপটতার কাল পাঁকে।যা আসার কথা ছিলো-- আসেনি।

সমস্ত প্রতিশ্রুতির দস্তাবেজ ভেসে গেছে বন্যার তুফাণে।দেখেনি মানুষের ঘরে ঘরে না জ্বলা উনুন।দেখেনি ফুটপাতে ছেঁড়া কাঁথা, ছোটো হাঁড়ি,সংসার পেতে বসা রমণীদের মুখ।দেখেনি অপুষ্টির কষাঘাতে হাজার হাজার অকালমৃত্যু।শোনেনি একটু স্বচ্ছল বাতাসের জন্য কি নিদারুন যন্ত্রণা-প্রবাহ।

যা আসার কথা ছিলো—আসেনি।

বলেছিলো নারীত্ব পাবে রানীর মতো সম্মান।ধর্ষিতা হতে হবে না পথে ঘাটে। নারী পাবে স্বছল এক অনাবিল স্বাধীনতা।এক মুখ হাসির বাতাসে পত্‌পত্‌ করে উড়বে শাড়ির আঁচল।তৃষ্ণার জলের জন্য কোনো নারীকে দীর্ঘপথ ভেঙে কলসী কাঁকে জল আনতে হবে না।

খরা নামক দুঃসহতা থাকবে না দেশে।শস্য শ্যামলে ভরে উঠবে জন-জননীর কোল।আকাশে ভেসে উঠবে লক্ষ লক্ষ চাঁদ।তারা ফুলে মেতে উঠবে দিগন্তের আকাশ।বোবা পাখীরা গাইবে চেতনসিদ্ধ মানবতার গান।

কিন্তু যা আসার ছিলো—আসেনি।

আজও সেই কান্না,হাহাকার বুকে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে চলেছে সময়।আজও সেই কান্নার জলে দু;খের চাষাবাদ।কষ্টকে লালন-পালন কোরে এগিয়ে চলা।আজও সেই করাল,রুদ্র রাত্রির কাল-প্যাঁচার উল্লাস।

তবে কি প্রতিশ্রুতিগুলো ছিলো ছলণার রং করা মিষ্ট ললিপপ?যুগ যুগ ধরে যা আমরা চুষে আসছি?

No comments: