জীবন পদ্মপত্রজল
অরূপ দাস
২-৮-২৫
যতদিন আছো ভবে কর্ম করে যাও তবে,
চলে যাবে কোথা কবে কে জানে গো তা!
যাহা কিছু আছে বাকি দিও নাকো আর ফাঁকি,
কবে মুদে যাবে আঁখি রুধিবে কথা!
এ জীবন শতদল যেন পদ্ম পত্র জল,
সহসা সে নেবে ঢল ভুলে যেওনা।
এ জীবন ক্ষুদ্র বড়ো তারে নাহি তুচ্ছ করো,
পূর্ন করে তারে ভরো শূন্য রেখো না।
সুবিশাল মৃত্যু সিন্ধু মেশে তায় প্রাণ বিন্দু,
সুন্দর জীবন ইন্দু কিন্তু ডোবে না।
জীবনের কীর্তি কাজে বেঁচে রবে ধরা মাঝে,
যদি করো কর্ম বাজে মনে রবে না।
আকাশের তারা দলে ডাকিতেছে পলে পলে,
দূর নীল নভ তলে জানো নাকি তা!
এসে গেলে তরী তার সময় পাবে না আর–
পড়ে রবে এ সংসার সবি তো বৃথা।
যাবে কে কবে কখন জানে নাতো এ জীবন,
মূল্যবান প্রাণ ধন সে অনিশ্চিত।
জীবনের মূল্য বুঝে জীবন কে লহ খুঁজে,
কাজ করো বুঝেসুজে ভেবে কিঞ্চিত।
এক দন্ড গেলে কমে আয়ু কমে যায় ক্রমে,
তাই কেহ সেই ভ্রমে ভ্রমনিও না।
যাও যদি বিপথেতে এটা কিন্তু জীবনে তে–
কোন কালে কোনো মতে কামনীয় না।
No comments:
Post a Comment