আইনানুগ হনন
ধ্রুবজ্যোতি ঘোষ
২১.৮.২০২৫
ট্রাম খুন হলো তার গুমটির জমি
আকাশ ছুঁয়ে ফেলেছিল বলে;
বাসবন্দরের পায়ের তলার মাটিও দ্রুত বদলে যাচ্ছে সোনায়,
তাদের হয়ে যাচ্ছে সুচতুর হরণ
যন্ত্রণাযান সম্প্রদায়কে
স্লো পয়জনিং করার কৌশলে...
কলকাতা চলে যাবে কিছুদিন পরে
একান্তই অটো টোটো
ফোতো মাফিয়াদের
অক্টোপাস দখলে;
ভিক্টোরিয়ার অলিন্দে হবে
বিখ্যাত কফিশপ:
তার পরী নেমে এসে
অ্যাপ্রন পরে
খদ্দের ধরে ধরে
করবে পরিবেশন
সুগন্ধি কফি,হ্যামবার্গার,
পিৎজা আর মাটন চপ,
আবিল উচ্ছিষ্টে ভরে যায় ক্রমশঃ
বাংলা মায়ের ময়লা আঁচল
আর সব বাসস্টপ
কমা,সেমিকোলন হতে হতে
অবশেষে হবে চমৎকার নীল সাদা ফুলস্টপ
পারমিতা প্রতীক্ষার রোদ মাথায় নিয়ে
এ নষ্ট শহরে
দাঁড়িয়ে থাকবে কোথায়?
পারমিতার মোনালিসা হাসি
কি হবে বিপন্ন ইতিহাস?
থেকে যাবে শুধুই
তিলোত্তমা কলকাতার
পাথরের মতো ভারী দীর্ঘশ্বাস?
তবুও আপাদমস্তক ক্ষতবিক্ষত কলকাতা
জানে মনে মনে
একদিন ভয়ের কাছে হার না মেনে
অভয়াদের দিতে সুবিচার
ছিঁড়ে ফেলে আছে যত
সন্ত্রাসের শেকল লাগাতার
আগামী সব দিন,সব রাত
নতুন এক তরুণ মেধাবী কলকাতাই করবে দখল...
গভীর রাতে
পারমিতা একা একা আসবে ময়দানে নিশিভ্রমণে,
আকাশভরা নক্ষত্রদের সাথে হবে তখন
তার নির্ভীক কথোপকথন...
হোক না এ এক নির্লজ্জ অনৃতকথন!
No comments:
Post a Comment