Wednesday, August 20, 2025

নব্য এক প্রেম কাব্য! বিনয়ব্রত ভট্টাচার্য্য

 নব্য এক প্রেম কাব্য!
 বিনয়ব্রত ভট্টাচার্য্য
 ১৯/০৮/২০২৫
কাল সারারাত দু'চোখের পাতা এক করতে পারিনি।
বাইরে টিপটিপ অবিশ্রান্ত শ্রাবণের ধারা বয়ে চলেছে একটানা অবিরাম!
মনটা কেমন যেন উদাস উতলা হয়ে গেলো!
পুরানো দিনের কিছু স্মৃতি মনের মাঝে উঠলো ভেসে।
শ্রাবণী রাতের ভেজা বাতাসেও হাসনুহানার সুগন্ধ নাকে এলো
সাপেরাও তো শুনেছি সৌগন্ধে উন্মাদ হয়ে যায় 
কামনায় উদ্বেল হয় বুঝি মিলনের তিয়াসে!
দলে দলে আসে তারা ছাতিম গাছে পতঙ্গের মত 
ছাতিম ফুলের উগ্র গন্ধে কেমন মাতোয়ারা হয়! 
এই অসরে তোমার প্রেমজ সুবাস যেন ভেসে এলো মনের দেউড়িতে।
অভিসারে,মিলন বাসরে, বুঝি হাতছানি দেয় অন্তরের বাসনা, কামনা!
আমার যত চিন্তা ভাবনা চেতনা কল্পনা সবই মিশে একাকার হয়ে যায়।
কালো মেঘপুঞ্জ আবৃত জলদাকীর্ণ আকাশের ব্যালকনিতে গিয়ে মেশে!
দিগন্তের ওই দূর সীমানায় এক গভীর চুম্বন এঁকে দেয়
নীলাকাশের অসীম অনন্ত মোলায়েম বুকের প্রশস্ত আঙিনায়!
শারীরিক কম্পনে যেন রিখটার স্কেলের সাত ডিগ্রী ভূকম্প হয়
অশান্ত এমন চিত্তে প্রশান্তি বিবর্জিত গভীর নিশিথে
ঘুমেরাও বুঝি ছুটি নিয়ে অচিন দেশে পাড়ি জমায়!
তোমার আমার হারিয়ে যাওয়া অমলিন প্রেম কাব্য
কালের গণ্ডি পেরিয়ে এসে মনের দেউড়ীতে আছড়ে পড়ে আবারও!
আমি বুঝি হারিয়ে যাই 
তোমাতে বিলীন হই!
যেন ভিক্টোরিয়ার স্বেত মর্মর পাষাণে খোদিত করি নব্য এক প্রেম কাব্য!

No comments: