অরাজকতার করো অবসান
আশীষ কুমার রায়
২০/০৮/২০২৫
এবার নাকি মাগো তুমি আসছো গজে ,এর ফল জানিনা শুভ নাকি অশুভ হয়,
শুভ যা কিছু ছিল হারিয়েছি কবেই, তাই আর আমাদের অকল্যাণের নেই কোন ভয়।
যে বাহনেই আসো না মাগো,আমরা মনেপ্রাণে চাই আসো তুমি এবার তোমার প্রলয় রুপ ধরে,
সমাজের যারা অনিষ্টকারী,সমাজের করছে কল্যাণ হরণ, তাদের বিনাশ করে তবেই ফিরো মাগো কৈলাসে শ্বশুর ঘরে।
এখন মাগো তোমার পূজায় আর সেই ভক্তি শ্রদ্ধা নেই,শুধুমাত্র রয়েছে বাহ্যিক আড়ম্বর,
যখন সবাই উৎসবে মাতে,কত বাচ্চাদের দেখি বস্ত্রাভাবে, পথে ঘুড়ে বেড়াচ্ছে হয়ে দিগম্বর।
এখন মাগো উপাসনা করে নয়,শ্রদ্ধাহীন জাঁকজমকের সাথে তোমায় ওরা করে বরণ,
ঘরের রক্ত মাংসে গড়া দূর্গা কে অবহেলা করে, রাতে কোনো অসহায় দূর্গা কে পেলে নির্দ্ধিধায় করে তার আব্রু হনন।
সাবেকি প্যান্ডেল হয়না যে মা আর, থিমের মন্ডপ হয়,দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়,
তোমার প্রতিমায় করজোড়ে প্রণাম করার আগেই,একরকম ঘাড় ধরে বের করে দেয়।
এখন পূজো হয়, চাঁদার নামে জুলুমবাজির টাকা আর অনুদানের অর্থে,
মন্দ হত কি, যদি পূজোয় নয়,অনুদানের ওই টাকা খরচ হতো ওই পথশিশুদের স্বার্থে।
চাই না মাগো এমন জাঁকজমক পূজো, চাই না এমন আড়ম্বর,
কি লাভ এসব জৌলুসের,যেখানে যোগদান নেই, আপামর জনতার।
তাইতো মাগো তোমার কাছে করছি মোরা এই নিবেদন,
মাগো এই মানুষ রুপি অসুরদের বিনাশ করে, এই অরাজকতার করো অবসান।
No comments:
Post a Comment