কাগজের ফুল
ধ্রুবজ্যোতি ঘোষ
৩০.৭.২০২৫
এতদিন জেনেছি
মানুষের হাসি কষ্টকল্পিত বিজ্ঞাপন,
কান্না ধার করা গ্লিসারিন,
বিলাপ বিক্রি হয়
রুদালিদের কাছে;
জেনেছি
কাগজের ফুল থাকে আলো করে
ফুলদানি নামক মিথ্যেবাদী আধারে!
জেনেছি
ঈ*শ্বরের পোস্টমর্টেম করে
পাওয়া গেছে নিরেট পাথর
আর দিস্তে দিস্তে মনগড়া কাগজ;
চাঁদের রূপকথায় আজ
শিশুদেরও ইহকাল অসাড়;
আসলে আজ পাশের বাড়ির চাঁদ
মানুষের নক্ষত্রলোকে যাওয়ার দরজায়
ধুলো ঝাড়ার পাপোশ অসহায়!
এখন জেনেছি
মানুষের মেধাও করে কিলবিল
কৃত্রিম মগজে;
মানুষের থেকেও
ভাল কবিতা লেখে অনলাইনে
মানুষেরই মনসিজ বিকল্প বুদ্ধি
প্লাস্টিক হৃদয়ে
জানি খুব জানি
কবি নামের আদ্যিকালের জীবন্ত জীবটি
অচিরেই হবে ডোডো পাখি,
মানুষ বলে জানি যত প্রাণী
মমি হয়ে বাঁচবে দীর্ঘজীবন
ফ্র্যাঙ্কেনস্টাইন পৃথিবীতে মিউজিয়ামের কফিনে...
হে মানুষ!
রক্ত মাংসের মানুষ!
যদিও তোমার নিশপিশে হাতে
সায়ানাইডের কোমল পিল;
তবুও অপেক্ষা কর ততদিন,
যতদিন পর্যন্ত অন্ততঃ
শিশুর মুখের হাসিটুকু থাকে
অকারণ অমলিন...
No comments:
Post a Comment