ফাল্গুন
অভিজিৎ বড়ুয়া অভি
১২/০৩/২৬
রিক্সা চলছে, মন্থর তার গতি,
ক্লান্ত শীর্ণ চালক, ঘামে ভেজা,
নীলা তুমি পাশে, এলো খোঁপা,
তবুও দুই একটি চুল এসে স্পর্শ করে যায়।
ফাল্গুন কি ভালোবাসার মাস?
ফাল্গুনের বাতাসে আছে মুগ্ধতার সুর
শীতলতা বা উষ্ণতা, যেমন তুমি।
তোমার সেই রূপ রস সুবাস,
এ কোন সাজের বা সুগন্ধির নয়,
তোমার দেহে যেন আছে এক মাতাল করা গন্ধ
বা শিহরণ , স্পর্শ সুখ। সরলতা, সাচ্ছন্দ, শান্তি।
তোমার রক্তাভগৌরপদ্মসম্ভব গাত্র বর্ণের মুগ্ধতা।
আমি জানি তুমি আমাকে লক্ষ্য করছো,
ঠোঁটের সেই দুষ্ট হাসি আমি বুঝি,
তুমি জানো এই নীরবতা আসলে অব্যক্ত কথা,
তুমি শুনতে পাও বুকে মাঝে আমার জমে থাকা কথা।
আচ্ছা, এখনো কি বিশ্ববিদ্যালয়ের সেই পথ আছে?
পাহাড়ের মাঝে, দুই ধারে গাছের সারি,
কোকিল যুবার কুহুতান, কে বলে কোকিল শুধু
বসন্তে ডাকে? মিলনের তাড়নায় সে সব ঋতুতে কুহুরে।
এখনো কি কোন যুব যুবা শ্রাবণের অঝোর ধারায় ভিজে, সেই বিশ্ববিদ্যালয়ের পথে, হাতে হাত ধরে পথ চলে?
সেই ট্রেন কি এখনো চলে, অনেক যুবা যুবতীর উচ্ছ্বাস,
বন্ধুত্ব, প্রেম, হারানোর কত কথা। রাজনীতি বা সংস্কৃতি,
এখনো কি সেই ডাকঘর আছে? তুমি লিখতে চিঠি,
মেখে দিতে সুবাস, যা তেরো নদী পেরিয়ে কোন এক যুবকের হতো প্রতীক্ষায় অবসান। আবেগ, ভাললাগা।
বা সেই ডাকবক্স, প্রতিদিন তুমি অধীর হয়ে খুঁজতে প্রতিউত্তর। কোন যুবকের ভালোবাসার চুম্বন।
পাশাপাশি চলছি, ভাবছি, কিন্ত দুজনে নিশ্চুপ। তোমার সেই হাসি, আড়চোখে দেখা। কাছ ঘেঁষে বসা।
হঠাৎই আমার হাত নিলে, নিজের হাতে। সেই স্পর্শ, আবেগ, উষ্ণতা। একটু সংকোচ হলো। সব বদলে গেছে।
তোমার আমার কালো চুল এখন সাদা হয়েছে। যে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন বিভোর হয়ে, দূরে চলে গেছি দু'জন, আজ প্রতিষ্ঠা এসেছে, হারিয়েছে সময়। জীবন সায়াহ্ন।
ঐ দেখা যায় পথের শেষ। গাড়ি রেখে রিকশা চড়তে চেয়েছিলে। আমার সাদা বড় দামী গাড়ি যেনো আজ ব্যঙ্গ করছে। যেনো অহং কে নির্লজ্জ ভাবে ব্যক্ত করছে। আর তোমার ছোট লাল গাড়ি। শান্ত, স্নিগ্ধ। আচ্ছা সাদা রঙ কি শান্তির প্রতীক না বৈধব্য বা বিচ্ছেদের। আর লাল রঙ? সংসার ত্যাগের মহিমান্বিত রঙ, সংসার ত্যাগী সন্ন্যাসীর। শান্তির রূপ। যেমন বুদ্ধ। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা।
রিকশার থেকে নামলে, হাত ধরলে, বললে, 'কিছু বলবে?' আমি নিশ্চুপ, বহু বছর আগে,
যেভাবে তোমার কাছ থেকে বিদায় নিয়েছি।
হাত ছাড়িয়ে গাড়িতে উঠে বসলাম,
বললাম, 'ড্রাইভার চলো'। আরো দ্রুত চলো,
আমি সেই বিদায় স্মরণ রাখতে চাইনি, চাইনা।
পেছনে ফিরে দেখতে চাইনা সেই কষ্ট ভরা আঁখি।
আমি কি তবে পালাচ্ছি। প্রতিষ্ঠা ধন সম্পদের জন্য
যে ছুটে চলতে, প্রেম থেকে পালিয়েছি,
এখনো সব পাওয়ার মাঝেও হেরে যাচ্ছি। আমিতো জিততে চেয়েছি। সব পাওয়ার মাঝে।
নীলা আমি হেরে গেছি। আমি প্রেম, আবেগ, ভালোবাসার ত্যাগ বুঝিনি।
No comments:
Post a Comment