Monday, September 1, 2025

আলোর খোঁজ করি না কেউ আমরা -- অরুণ কুমার মহাপাত্র

আলোর খোঁজ করি না কেউ আমরা
অরুণ কুমার মহাপাত্র 
 ৩১/০৮/২০২৫
এক একটি বিশ্বাস কে আঁকড়ে ধরে
হেঁটে চলি অন্ধকার পথে...
দেখি এই বিশ্বাস গুলো কখন যে সংস্কারের 
জালে আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে
বুঝতে ও পারিনি...  । 
তাই তো এখন শুধুই আলোর খোঁজ  । 
ঈশ্বর কে চোখে দেখিনি কখনো  । 
তবে মানুষকে ঈশ্বর হতে দেখেছি  । 
তবুও পাথরের পায়ে মাথা কুটে ঈশ্বর
খুঁজেছি...  । 
পাইনি ঈশ্বর... জানি না ঈশ্বর কোথায়  ? 
তোমারই এ পৃথিবীতে মানুষকে আমি 
জানোয়ার হতে দেখেছি  । 
দেখেছি বৈষম্যের পৃথিবীতে নিরন্ন মানুষকে 
তোমার মন্দিরে থালা পেতে দাঁড়াতে  । 
তুমি তো পাথর তাই নীরব...  । 
ঈশ্বর বানিয়েছি আমরাই তোমাকে  । 

শুনেছি আমি সৃষ্টির ইতিহাস...  । 
চোখে দেখছি বিবর্তনের ধারায় আদিম মানুষ 
থেকে আজকের সভ্য মানুষকে...

হ্যাঁ  , সভ্য হয়েছি আমরা  । 
আর সভ্যতাকে বুকে ধরে তাইতো আজ 
আকাশচুম্বী অহঙ্কার আমাদের  । 
আর তাই অন্ধকার দূর করতে আলোর 
খোঁজ করি না কেউ আমরা...   । 


No comments: