ধর্ম ও জিরাফ
নিবারণ চন্দ্র দাস
১২/০৮/২০২৫
এমন একটা ধর্ম খুঁজি
যেথায় কোন "ধর্ম" নেই,
কোথায় আছে এমন ধর্ম
খুঁজতে গিয়ে হারাই খেই।
কে ক্ষেপালো মুসলমানে,
কে যে ক্ষেপায় হিন্দুদের?
সবখানেতেই গাঁজাখুরি
পাইনা একটা বিন্দু টের।
ভোটটা এলেই ধর্ম লড়াই
আমার সোনার এই দেশে,
ভাইয়ে ভাইয়ে লড়ায় কারা?
দৃষ্টি ওদের একপেশে।
কে গড়েছে ধর্মক্ষেত্র
কর্মক্ষেত্র না গড়ে?
আমরা মরি জাতের ধুয়ায়,
ফালতু 'জাত' লড়াই লড়ে।
কুরুক্ষেত্র কারবালা আর
ক্রুসেড যখন বারংবার,
ধর্ম জিগির জিইয়ে রাখার
সত্যি কি আছে দরকার?
সত্যি কথা বললে তোমায়
বেজার মুখে দেখতে পাই,
মিথ্যাবাদীর সত্যি ভাষণ
দেব বলে ভাবছি তাই।
নামাবলী,তাবিজ কবজ
মাথায় গায়ে বাঁধব কি?
টিকি দাড়ি তিলক কেটে
ঘুরব এবার, ছিঃ ছিঃ ছিঃ।
সবকিছুতেই খুঁজব ভালো
কালোর মাঝে অন্ধকার,
নইলে জানি চিরতরে
বন্ধ হবে মুক্ত দ্বার।
No comments:
Post a Comment