সূর্যের কলঙ্ক নেই
ধ্রুবজ্যোতি ঘোষ
০৮.৮.২০২৫
(বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে)
কাশপ্রতিম সাদা চুল অমলিন সাদা হৃদয়
এত সাদায় আশ্চর্য বাঙ্ময়
যেন সাদা ধুতি পাঞ্জাবিতে
স্বয়ং সূর্য নেমেছে লাল নিশান হাতে
মিছিল নগরীর রাস্তায়...
ধূ ধূ প্রান্তরে একাই জ্বলে
শরীর মন দিয়ে রাখে জড়িয়ে
শিল্পগর্ভিনী বাংলা মায়ের
ভীতসন্ত্রস্ত উজ্জ্বল সম্ভাবনা!
একদিন পরিকল্পিত সন্ত্রাসী ষড়যন্ত্র
পিছন থেকে টেনে দিল
আচমকা নির্মম ট্রিগার;
ফিনকি দিয়ে ছড়িয়ে গেল সারা বাংলায়
এক নষ্ট ভ্রূণের
দুকূলপ্লাবী রক্তবান!
খুন হলো সেদিনই তার সাথে
সেই নিষ্পাপ শুভ্রতার অসমসাহসী প্রাণ:
জাহ্ণবীর জল তখনই পাঁশুটে লাল!
তারপর থেকে শুধুই অন্ধকার আরো অন্ধকার!
এক যুগোত্তর নিঃসীম শূন্যতার অসহ্য কাল!
অবশেষে কালের প্রহরী
থামিয়ে দিল নির্মমতায়
কোনো এক বোবা ভোটার কার্ডের
শেষ হৃদস্পন্দন!
তবুও সূর্য রয়েছে হৃদয়দিগন্তে
চির শুভ্রতায় সমুজ্জ্বল
আগেরই মতন...
No comments:
Post a Comment