শাওন ধারায়,নিজেকে হারাই
সমরেন্দ্রনাথ ঘোষ
05/08/25
শাওনের বর্ষার মেঘমল্লারে ভাসে মন,
উদাসী আঁখিতে অপলকভাবে দেখি
ফেলে আসা ছবি এক জীবন বসন্তের।
ফাগুনে নয়নের আগুনে দৃষ্টি
হারিয়েছে পথ সেই কবে।
তারপর কত বসন্ত গেছে চলে,
মধুর কুহু ডাক শুনিনা আর শাখে,
শিশিরে ভেজা মাটি করে না আলিঙ্গন।
মধুময় স্মৃতি তাড়া করে আজও-
আবেগে হাতড়াই স্মৃতির নুড়ি পাথর।
আজ শাওনের ঝরো ঝরো বাদলদিনে
বর্ণহীন জলে এঁকে যাই ছবি অবিরাম,
হৃদয়ের খাঁজে গড়ে তুলি তাজমহল।
আকাশের মেঘপাহাড়ে খুঁজে পাই
অন্তরের শান্ত,নীরব প্রেমের সমাধি,
টুপটাপ শব্দে ভাসে তোমার চরণধ্বনী-
যেভাবে আগে দেখেছি তোমায় অভিসারে।
সবুজ পাতায়,বিকশিত ফুলে ফুলে
বৃষ্টির আলতো ছোঁয়ায় প্রেমের আলিঙ্গন,
ইতিহাসের ছেঁড়া পাতার মতো পদ্মপাতায়
বৃষ্টিফোঁটায় খুঁজে পাই সম্পর্কের বয়স।
মন বলে-আজ সারাদিন ঝরুক শাওনধারা
হারাই নিজেকে পুরনো,মধুর স্মৃতি রোমন্থনে
না পাওয়ার যন্ত্রণা ভুলে ভাসি কল্পলোকে।
No comments:
Post a Comment