Sunday, August 3, 2025

সে ফিরেনি— আর ফেরা হয়নি তদন্ত কমিটিও -- সাধন কর্মকার

  সে ফিরেনি— আর ফেরা হয়নি তদন্ত কমিটিও
  সাধন কর্মকার
   ০৩/০৮/২৫
তার নাম এখন শুধুই "নিখোঁজ"।
বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সেই ঘরটা
তিনবার রঙ করা হয়েছে—
তবু দেয়ালের ছোপে রয়ে গেছে
তার পড়ে থাকা চশমার ছায়া।

সে শেষ এসেছিল লাইব্রেরি থেকে,
পড়ছিল 'রাষ্ট্রবিজ্ঞান ও ন্যায়বিচার'।
বন্ধু বলেছিল,
"ভালো করে পড়,
ক্লাস টেস্টে এইবার বাদ পড়বি না।"

সেই রাতেই
দুইজন পরিচয়হীন মানুষ
তাকে ডেকে নেয়।
ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ
দুদিন পর ‘দুর্ঘটনাবশত’ মুছে যায়।

পরদিন রেজিস্টার বললেন,
“ছেলেটা মাঝে মাঝে উগ্র হয়ে উঠতো।”
মা থানায় গেলে অফিসার প্রশ্ন করল,
“ছেলে কি পার্টি করতো?”
তার বাবা শুধু বলেছিলেন,
“সে শুধু কবিতা লিখত আর প্রশ্ন করত।”

তদন্ত কমিটি—
তিন মাসে তিনবার বসেছিল।
প্রতিবার একখানা ফাইলে লেখা হতো:
“তথ্য অপর্যাপ্ত। তদন্ত চলমান।”

পাঁচ বছর পর
ছেলেটির খাতা মিলেছিল
এক পুরনো হোস্টেল রুমের সিলিংয়ে—
সেখানে লেখা ছিল শেষ লাইনটি:
“প্রশ্ন করাই কি অপরাধ?”

No comments: