Sunday, August 17, 2025

জেগে ওঠো মহাকাল -- সমরেন্দ্রনাথ ঘোষ

জেগে ওঠো মহাকাল
সমরেন্দ্রনাথ ঘোষ
17/08/25

স্বাধীনতা এসেছে অনেক রক্তের বিনিময়ে
বহু বিপ্লবীর ত্যাগে,মুক্তির উচ্ছ্বাসে জয়ে,
সেই স্বাধীনতা আমাদের কাঙ্খিত ভালোবাসা
কোটি দেশবাসীর জীবনের একমুঠো আশা।

স্বাধীনতা তাই প্রবীণের সুখ,নবীনের প্রেরণা
পথ চলতে জীবনমন্ত্র একতার বন্ধন চেতনা,
স্বাধীনতা তোমার আমার পরম জীবন স্পন্দন
স্বাধীনতা সম্প্রীতির রাখীবাঁধা হাতে মেলবন্ধন।

তবু এদেশে ভিখারীরা খুচরো কয়েনে জেরবার
কান পেতে শুনি কোটি বেকারের যত হাহাকার,
স্বাধীন দেশ ,তবু টাকাতেই যত প্রতিভার দাম
দুবেলা দুমুঠোর জন্য রোজ ফেলে মাথার ঘাম।

একদেশ দুই ছবি-স্বাধীন দেশে কেন দেখি আজ
নির্মমতায় হানে শোষণ চাবুক,ছেড়ে সব লাজ?
অন্ন চাই,প্রাণ চাই-হাহাকারে ভরে ওঠে দশদিক
বিপথে কেন  চলে দেশ,ভুলকে বানিয়ে ঠিক?

ত্রিশূল হানো,বিপ্লব আনো-জাগো মহাকাল
বাজাও মাদল সৃস্টির সুখে-ধরো দেশের হাল,
সমাজের কোণে,স্বার্থের ধ্যানে মগ্ন আছে যারা
ধ্বংসবিষাণে,প্রলয়মাতনে ভাঙো আঁধার কারা।

জাগো মহাকাল জাগো,পোড়াও কুবেরপুরী
যক্ষের ধনে লাগাও আগুন তাণ্ডব নাচ ধরি,
সৃস্টি-ধ্বংস মাতনে সব শয়তান হোক বেহাল
মানুষের মাঝে এ দূর্দিনে,জেগে ওঠো মহাকাল।

No comments: